কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ণ
কালীগঞ্জে নজরুল বর্ষ উদযাপন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পঙ্কজ সরকার নয়ন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: ‘গাহি সাম্যের গান—মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালীগঞ্জ উপজেলার সেন্ট নিকোলাস স্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ. কে. এম. ফজলুল হক মিলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে এ. কে. এম. ফজলুল হক মিলন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, বিদ্রোহ ও প্রেমের কবি। তাঁর সাহিত্য ও সংগীত আমাদের অন্যায়, বৈষম্য ও অসাম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে এবং মানবপ্রেমে উদ্বুদ্ধ হতে শিক্ষা দেয়। নতুন প্রজন্মকে কবির আদর্শ ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও এ. টি. এম. কামরুল ইসলাম বলেন, “নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি জাতীয় কবিদের সৃষ্টিশীল কর্ম সম্পর্কে জানাতে হবে। নজরুলচর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মননশীলতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় হবে।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে পূর্বে অনুষ্ঠিত বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষ উদযাপনের আয়োজন শেষ হয়।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন