নিকলীতে সামাজিক অবক্ষয় রোধে কঠোর নির্দেশ ইউএনওর

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ণ
নিকলীতে সামাজিক অবক্ষয় রোধে কঠোর নির্দেশ ইউএনওর

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের নিকলীতে সামাজিক অবক্ষয় রোধসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এ নির্দেশ দেন।

সভায় জানানো হয়, দীর্ঘদিন একই সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদ বদলিজনিত কারণে শূন্য থাকায় উপজেলার সাতটি ইউনিয়নে দ্রুতই সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। এর ফলে উপজেলা জুড়ে অনলাইন জুয়া, মাদক সেবন, মাদক বিক্রি, ইভটিজিং, চুরি ও হামলার মতো ঘটনা বেড়ে যায়। একই সঙ্গে ইউনিয়ন পরিষদগুলোতে গ্রাম আদালতের কার্যক্রমও অকার্যকর হয়ে পড়ে। এ অবস্থায় জনমনে অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে ইউএনও ও ওসি পদায়ন করা হয়েছে। তাঁরা প্রশাসনে যোগ দেওয়ার পর এটিই ছিল প্রথম মাসিক আইনশৃঙ্খলা সভা। সামাজিক অবক্ষয় ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময়ে অনুষ্ঠিত এ সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর বলে মনে করছেন সভায় উপস্থিত অতিথি ও স্থানীয় বাসিন্দারা।

সভায় আইনশৃঙ্খলা কমিটির সদস্যদের উপস্থাপিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে নবনিযুক্ত নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ বলেন, থানায় জনবল ও লজিস্টিক সহায়তার স্বল্পতা রয়েছে। তবে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও ভুক্তভোগী সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা পেলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা সম্ভব।

এ ছাড়া সভায় উপস্থিত রাজনৈতিক নেতাদের উদ্দেশে ওসি ইশতিয়াক আহমেদ বলেন, অপরাধীদের গ্রেপ্তারের পর তাঁদের ছাড়িয়ে নিতে যেন কোনো ধরনের তদবির করা না হয়। কোনো অপরাধীকে গ্রেপ্তারের পর কোনো ধরনের তদবির রক্ষা করা হবে না বলেও তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন।

সভায় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, কেন্দ্রীয় কৃষক দলের নেতা হাজী মাসুক মিঞা, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি আবুল হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ উবাইদুল হক সম্রাটসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন