জামালপুরে যুবদল নেতা রবিউলকে দল থেকে বহিষ্কার

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
জামালপুরে যুবদল নেতা রবিউলকে দল থেকে বহিষ্কার

মোঃ ইমরান মাহমুদ, বিশেষ প্রতিনিধি, জামালপুর: দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার হওয়া যুবদল নেতা রবিউল হাসান সোহাগকে বহিষ্কার করেছে জামালপুর জেলা যুবদল।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জেলা যুবদলের সদস্য ও সহদপ্তর সম্পাদক মেহেদী হাসান ইলি। এর আগে রোববার রবিউল হাসানকে বহিষ্কারের প্রেস বিজ্ঞপ্তি জারি করে জেলা যুবদল। বহিষ্কৃত রবিউল হাসান সোহাগ জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক ছিলেন।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব ও সদস্যসচিব সোহেল রানা খানের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর কোনো ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না এবং যুবদলের কোনো নেতাকর্মী তাঁর সাথে সাংগঠনিক সম্পর্ক রাখতে পারবেন না।

এর আগে শনিবার রাতে চোরাই মোটরসাইকেলসহ রবিউল হাসান সোহাগকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান তালুকদার জানান, অভিযুক্ত দীর্ঘদিন ধরে চোরাই মোটরসাইকেল কেনাবেচা এবং চোরচক্র পরিচালনার সাথে জড়িত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন