স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ণ
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে রাজিব কুমার ঘোষ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

আদায় করা জরিমানার টাকা ক্ষতিপূরণ বাবদ ভুক্তভোগীকে প্রদানের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন বিচারক।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ এইচ এম শফিকুল ইসলাম জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার কুষ্টিয়ার মিরপুর উপজেলার উত্তর কাটদহ গ্রামের জয় ঘোষের ছেলে।

নথিসূত্রে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্তসহ নানা অশালীন প্রস্তাব দিয়ে আসছিলেন। সাড়া না পেয়ে ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। বিষয়টি গোপন রাখলে বিয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়। এরপরও বাড়িতে কেউ না থাকার সুযোগে রাজিব একাধিকবার তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের দাবি জানালে আসামি তা প্রত্যাখান করেন। এ ঘটনায় সুবিচার চেয়ে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মুরাদুল ইসলাম ওই বছরের ৩০ ডিসেম্বর রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন