পর্দা ইস্যুতে সাদিক কায়েমের কঠোর সমালোচনা চরমোনাই পীরের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের বাস্কেটবল টুর্নামেন্টে প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে অসুন্দর পরিবেশ সৃষ্টির অভিযোগ তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীতে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পীর বলেন, “ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েম মেয়েদের প্যান্ট-জার্সি পরিয়ে মাঠে নামিয়ে একটি বেমানান পরিবেশের জন্ম দিচ্ছেন। আবার তা নিয়ে গর্ব করে বলছেন যে, দেশের ইতিহাসে তারাই প্রথম এটা পেরেছেন। এই ধরনের কর্মকাণ্ড আর কতদিন চলবে? সমাজ ও সংস্কৃতির এমন পরিবর্তন কি আপনাদের মনে ক্ষোভের সৃষ্টি করে না?”
তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫০ বছর পার হলেও সাধারণ মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত স্বাদ থেকে বঞ্চিত। বর্তমান প্রশাসনিক কাঠামো ও বিদ্যমান নীতিতে রাষ্ট্র পরিচালিত হলে শতাব্দীর পর শতাব্দী পার হলেও মানুষের ভাগ্যের মূলগত পরিবর্তন আসবে না।”
সামাজিক পরিস্থিতি তুলে ধরে তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট, গুম ও খুনের মতো অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যা দমনে প্রশাসন চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। জনগণ বারবার শাসক পরিবর্তন করলেও কোনো রাজনৈতিক দলই সমাজে টেকসই পরিবর্তন আনতে পারেনি; বরং ক্ষমতার মসনদে বসে তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বেমালুম ভুলে যায়।
এআইএল/সকালবেলা