ফেনীতে এলপিজি ডিলারসহ দুই প্রতিষ্ঠানকে জরিমানা
এম. জহিরুল হক মিলন, ফেনী: ফেনীতে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি এবং নকল লাল চিনি বিক্রির দায়ে দুই ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে শহরের বিসিক ও সালাহউদ্দিন মোড় এলাকায় পরিচালিত এক তদারকি অভিযানে এ জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।
ভোক্তা অধিকার কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপণ্যের বাজার ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ফেনী শহরের সালাহউদ্দিন মোড়, বিসিক এবং বড় বাজার এলাকায় বিশেষ তদারকি অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নির্ধারিত ১২ কেজি এলপিজির খুচরা মূল্য ১,৫৮৫ টাকা হলেও বিএম এলপিজি গ্যাসের স্থানীয় ডিলার 'মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশন' পাইকারি পর্যায়ে তা ১,৭৩০ টাকায় বিক্রি করছে।
অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী গ্যাস সিলিন্ডার ১,৫৬০ টাকায় কেনার দাবি করলেও এর সপক্ষে কোনো বৈধ ক্রয় ভাউচার দেখাতে পারেননি। এছাড়া সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলেও তিনি খুচরা বিক্রেতাদের কোনো বিক্রয় ভাউচার প্রদান করছিলেন না। ক্রয় ভাউচার না থাকায় খুচরা বিক্রেতারাও গ্রাহকদের কাছে ইচ্ছামতো দামে গ্যাস বিক্রি করছেন।
এ সব অনিয়ম ও ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের অপরাধে বিসিক এলাকায় অবস্থিত বিএম গ্যাসের ডিলার মেসার্স মক্কা ট্রেডিং করপোরেশনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রির পাশাপাশি ক্রয়-বিক্রয়ের ভাউচার সঠিকভাবে সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়।
অন্যদিকে, একই অভিযানে শহরের সালাহউদ্দিন মোড় এলাকায় নকল লাল চিনি বিক্রির দায়ে 'মেসার্স সায়েম খাদ্য বিতান' নামে অপর একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের তদারকি ও তদারকি অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা