প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ডাকোটা জনসন
অনলাইন ডেস্ক: হলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। সামান্য কোনো ছবি কিংবা কারো সঙ্গে রেস্তোরাঁয় দেখলেই লেগে যায় প্রেমের সিলমোহর। এতদিন এসব বিষয় নিয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি নিজের অবস্থান স্পষ্টভাবে ব্যক্ত করেছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন।
সম্প্রতি সাময়িকী ‘ভোগ’-এর জনপ্রিয় পডকাস্ট ‘দ্য রান থ্রু’-তে অংশ নিয়ে নিজের ব্যক্তিগত জীবন ও প্রতিনিয়ত ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন নিয়ে কথা বলেন তিনি।
‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই তারকা রসিকতার সুরেই জানান, তিনি যদি নিজের কাজের সূত্রে আইনজীবী কিংবা ম্যানেজারের সঙ্গেও রাতের খাবার খেতে যান, তবে পরদিন সংবাদ শিরোনাম হয়—'কোনো এক রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে ডাকোটা জনসনকে'।
ইন্টারনেটে প্রতিদিনই তাঁকে নিয়ে সত্য-মিথ্যা হাজারো খবর প্রকাশিত হয় জানিয়ে ডাকোটা বলেন, "অনলাইনে ছড়িয়ে পড়া সব খবরের উত্তর দিতে গেলে ওই গুঞ্জনটি আরও বেশি ডালপালা মেলে। কে কী বিশ্বাস করতে চায়, তা তাদের ওপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। প্রতিটি মিথ্যা রটনার ব্যাখ্যা দেওয়ার মতো সময় বা আগ্রহ কোনোটাই আমার নেই। জীবন এর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।"
নেটিজেন ও গুঞ্জন রটনাকারীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দিয়ে এই অভিনেত্রী বলেন, "অন্যকে নিয়ে না ভেবে বরং সবাই নিজের জীবন নিয়ে ভাবুক।"
উল্লেখ্য, সম্প্রতি গায়ক ও র্যাপার মেশিন গান কেলি (এমজিকে)-র সঙ্গে ডাকোটা জনসনের প্রেমের গুঞ্জন নতুন করে চাউর হয়েছে। পপ তারকা টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। এরপরই আন্তর্জাতিক বিনোদন সাময়িকী ‘পিপল’ তাদের এক প্রতিবেদনে দাবি করে, তারা গত কয়েক মাস ধরে গোপনে প্রেম করছেন।
তবে এমজিকের সঙ্গে প্রেমের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সত্যতা দেননি ডাকোটা জনসন। কোল্ডপ্লে ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস মার্টিনের সঙ্গে দীর্ঘ সম্পর্কের পাট চুকানোর পর নিজের ব্যক্তিগত জীবনকে সম্পূর্ণ আড়ালেই রাখতে পছন্দ করছেন এই হলিউড সুন্দরী।