কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: কুমিল্লার গোবিন্দপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।
গত রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অধীন গোবিন্দপুর এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃত দুই যুবক হলেন—মো. ছামির ইসলাম (২০) এবং মো. মনজুরুল ইসলাম (৩০)।
এসআরবি-১১ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আধুনিক বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, বিভিন্ন চাঞ্চল্যকর ছিনতাই, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় নিয়মিত অস্ত্র আইনে মামলা রুজুসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।