শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
নূর আলম, দুর্গাপুর (নেত্রকোণা) প্রতিনিধি: শিক্ষার্থীদের শুধু পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হলে চলবে না, মেধা, মনন, মানসিকতার বিকাশ এবং উন্নত চরিত্র গঠনের মাধ্যমে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৮ সেপ্টেম্বর) নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, “আদর্শ বিদ্যানিকেতন নামটির মধ্যেই একটি সুন্দর বার্তা রয়েছে। এই নামের মর্যাদা রক্ষা করে শিক্ষার্থীদের আদর্শ ও সুশিক্ষিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সময়ের সদ্ব্যবহার করে নিয়মিত পড়াশোনা করতে হবে এবং অভিভাবকরা সন্তানদের জন্য যে ত্যাগ স্বীকার করেন, তা উপলব্ধি করতে হবে।”
এ অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বিদ্যালয়ের সামনের রাস্তা উন্নয়ন এবং বিদ্যুৎ সংকট দূরীকরণে সোলার প্যানেল স্থাপনের আশ্বাস দেন। এছাড়া শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে সৎ, মানবিক ও দায়িত্বশীল জীবনযাপন করার আহ্বান জানান তিনি।
সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনের এডহক কমিটির সভাপতি আইনুল হক বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনসারী। সভায় শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা