কলাপাড়ায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ
জাহিদ শিকদার, বিশেষ প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত মামলায় সাক্ষী হওয়াকে কেন্দ্র করে বেলাল হাওলাদার (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগের পর পর তাদেরকেই ফাঁসাতে নিজ ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কহিনুর বেগম নামের এক বৃদ্ধার বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার ধুলাসার ইউনিয়নের বেতকাটা গ্রামে খালে মাছ ছাড়ানোর সময় বেলাল হাওলাদারকে দেশীয় অস্ত্র শাবল ও চাপাতি দিয়ে ঘাড়ে কোপ দেয় বশির হাওলাদার এবং তার পিতা বারেক হাওলাদার। এ সময় বেলাল হাওলাদারের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বেলালকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় চিকিৎসাধীন ডাক্তার বেলাল হাওলাদারের ঘাড়ে পাঁচটি সেলাই করেন।
ঘটনার পর পর একই দিনে বিকেলে বশির হাওলাদারের মা কোহিনুর বেগম নিজ ঘরে আগুন দেওয়ার চেষ্টা করে, স্থানীয়রা বাধা দিলেও রাতে সবার অগোচরে নিজ ঘরে আগুন দিয়ে আহত বেলাল হাওলাদারের পরিবারের লোকজনকে ফাঁসানোর জন্য পালিয়ে যান বশির হাওলাদারের মা কোহিনুর বেগম। পরে কলাপাড়া ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, সকালে বেলাল হাওলাদারকে কুপিয়ে জখম করে, বিকেলে তারা নিজের ঘরেই আগুন দিয়ে বেলাল হাওলাদারের পরিবারকে ফাঁসানোর চেষ্টা করে। তবে আমরা বিকাল থেকে দেখেছি হামলাকারীরা তাদের ঘরের আসবাবপত্র নিজেরাই সরিয়ে নিয়েছেন। আনুমানিক রাত দশটার দিকে কোহিনুর বেগমসহ তার পরিবার মিলে ঘরে আগুন লাগিয়ে দিয়ে সোনা মিয়া, সোহাগ, রুবেল, কবির, রহিমকে ফাঁসানোর চেষ্টা করছে। তবে ঘটনার সময় তারা কেউ বাড়িতে ছিলেন না।
এই ঘটনায় মহিপুর থানার ওসি শামীম জানান, হামলার ঘটনা এবং আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি; অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এআইএল/সকালবেলা