কাটাখালী রেলস্টেশন চার মাস বিদ্যুৎহীন, ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ণ
কাটাখালী রেলস্টেশন চার মাস বিদ্যুৎহীন, ভোগান্তিতে যাত্রীরা

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর খুলনা-মোংলা রেলপথে ট্রেন চলাচল শুরু হলেও বাগেরহাটের কাটাখালী রেলস্টেশনে প্রায় চার মাস ধরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। গত ৩০ মে স্টেশনের ট্রান্সফরমার চুরি যাওয়ার পর থেকে বিদ্যুৎ না থাকায় ট্রেনের অপেক্ষায় থাকা হাজারো যাত্রী তীব্র গরম ও পানি সংকটে ভোগান্তিতে পড়ছেন।

সরেজমিনে দেখা যায়, স্টেশনের অপেক্ষমাণ কক্ষে ফ্যান ও পানির মোটর থাকলেও বিদ্যুৎ না থাকায় সেগুলো বন্ধ হয়ে পড়ে আছে। মোংলা থেকে বেনাপোল পর্যন্ত চলাচলকারী ট্রেনের যাত্রীরা প্রতিদিন এই স্টেশনে ওঠানামা করেন। দীর্ঘক্ষণ গরমে বসে থাকা এবং বাথরুমে পানি না থাকায় নারী ও শিশু যাত্রীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

কাটাখালী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, ট্রান্সফরমার চুরির পর রেল কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। রাজশাহীর ঊর্ধ্বতন দপ্তর থেকে অর্থ বরাদ্দ হলেই নতুন বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে।

বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জানান, নিয়ম অনুযায়ী ট্রান্সফরমারের নির্ধারিত অর্থ পরিশোধ করে রেল কর্তৃপক্ষ আবেদন করলেই দ্রুত সংযোগ পুনরায় চালু করা সম্ভব হবে। যাত্রীরা অনতিবিলম্বে স্টেশনের বিদ্যুৎ ব্যবস্থা চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন