তারেক রহমানের ফেনী সফর: স্থানীয়দের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস
এম. জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: বন্যা ও নদীভাঙনের স্থায়ী সমাধান, ফেনীতে মেডিকেল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নানা উন্নয়নমূলক প্রত্যাশা নিয়ে ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১ অক্টোবর সরকার গঠনের পর প্রথমবারের মতো তাঁর এই সফরকে কেন্দ্র করে ফেনীজুড়ে জেলা প্রশাসন ও বিএনপি নেতাদের মধ্যে ব্যস্ততা ও সাজসাজ রব বিরাজ করছে।
সফরকালে তিনি মুহুরী-কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) সরেজমিনে অনুষ্ঠানস্থল ও আশপাশের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন।
ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালসহ স্থানীয় শীর্ষ নেতারা জানান, ফেনী সদর হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা, ফেনী-বিলোনিয়া রেলপথ পুনরায় চালু, লালপুলে আন্ডারপাস নির্মাণ এবং ফুলগাজীকে পৌরসভায় উন্নীত করার জোর দাবি তোলা হবে।
নেতাকর্মীদের মতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পৈতৃক ভিটা হওয়ায় ফেনীর সঙ্গে তারেক রহমানের পারিবারিক ও আবেগের সম্পর্ক অত্যন্ত গভীর। তাই প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে ফেনী জেলার সার্বিক উন্নয়নে এক নতুন যুগের সূচনা হবে বলে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন।
এআইএল/সকালবেলা