কিশোর গ্যাং অভিযানে তদবির করলে নাম প্রকাশের হুঁশিয়ারি এসপির

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
কিশোর গ্যাং অভিযানে তদবির করলে নাম প্রকাশের হুঁশিয়ারি এসপির

বিশেষ প্রতিনিধি: কুমিল্লায় কিশোর গ্যাং সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান। তিনি স্পষ্টভাবে সতর্ক করে বলেছেন, অপরাধীদের পক্ষে কোনো ধরনের চাপ সৃষ্টি বা অনৈতিক তদবিরের চেষ্টা করা হলে সংশ্লিষ্টদের নাম জনসম্মুখে প্রকাশ করা হবে।

সোমবার সকালে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক সেবামূলক সফটওয়্যার ‘আমার কুমিল্লা’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে পুলিশ সুপার এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, “কিশোর গ্যাং সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। কুমিল্লায় এসব গ্যাংয়ের অবস্থান, সদস্য সংখ্যা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের মহড়ার হটস্পটগুলোর নিখুঁত গোয়েন্দা তথ্য পুলিশের কাছে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই নিয়মিত সাঁড়াশি অভিযান চলছে।”

পুলিশ সুপার জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সন্তান অপ্রতিম হত্যাকাণ্ডের পর কিশোর গ্যাং নির্মূলে পুলিশ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে। ২৩ সেপ্টেম্বর জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে ৬২৪ জন, ২৬ সেপ্টেম্বর ২৫৫ জন এবং ২৭ সেপ্টেম্বর রাতে আরও ৪৮৭ জনকে আটক করা হয়। এদের মধ্যে যাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মহড়া বা অপরাধের প্রমাণ মিলছে, তাদের গ্রেপ্তার দেখিয়ে মামলাসহ আদালতে সোপর্দ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ছিনতাই, দস্যুতা ও ডাকাতির মতো অপরাধ থেকে নগরবাসীকে সুরক্ষা দিতেই এই শক্ত পদক্ষেপ। একই সাথে সন্তানদের বিষয়ে অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর সন্তানরা যেন অপ্রয়োজনে বাইরে আড্ডা না দেয়। গ্যাং কালচারের নেপথ্যে থাকা তথাকথিত ‘বড় ভাই’ বা প্রভাবশালীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন