উজিরপুরে বাস চাপায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ণ
উজিরপুরে বাস চাপায় ৩ এসএসসি পরীক্ষার্থী নিহত

বিশেষ প্রতিনিধি: বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। নিহত ৩ জনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এবং তাঁরা পরস্পরের ঘনিষ্ট বন্ধু ছিলেন। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সুরভী পরিবহনের’ একটি বাসের বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি বাসের নিচে পিষ্ট হয়ে ছিটকে পড়ে এবং ঘাতক বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে। ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যায়।

দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনর্স্থাপন করে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন