শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

প্রকাশ: রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
শসা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে যুবকের মৃত্যু

মোস্তাকিন হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে শিয়ালের উপদ্রব থেকে শসা ক্ষেত রক্ষায় বসানো বৈদ্যুতিক তারে জড়িয়ে সাকিব হোসেন (২৫) নামে এক টাইলস মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের পশ্চিম কড়িয়া (লকমা) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাকিব ওই গ্রামের আবুল খায়েরের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের কৃষক আবু বক্কর শিয়ালের হাত থেকে শসা ক্ষেত রক্ষায় খেতের চারপাশে নিরাপত্তার পরোয়া না করে অরক্ষিত বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন। শনিবার রাতে সাকিব ওই জমির পাশ দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরদিন রোববার সকালে মাঠে কাজ করতে গিয়ে অন্য কৃষকরা সাকিবের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ফসল রক্ষার নামে জমিতে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সংযোগ ব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন