মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী

প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ণ
মাদক নির্মূলে ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন: এস এম জিলানী

আরিফ হাজরা, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: মাদক কেবল একজন ব্যক্তি নয়, বরং পরিবার, সমাজ ও পুরো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। তাই মাদক নির্মূলে ইমাম, মুয়াজ্জিন, প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং পরিবারের ঐক্যবদ্ধ প্রয়াস প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য এস এম জিলানী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আরডিএ হলরুমে ওলামা দল আয়োজিত ‘মাদক ও সন্ত্রাস নির্মূলে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে। একটি ভঙ্গুর অর্থনীতির ওপর দাঁড়িয়ে বর্তমান সরকার কাজ চালিয়ে যাচ্ছে। দেশ পরিচালনায় সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার পর্যায়ক্রমে দেশের সকল ইমাম ও মুয়াজ্জিনদের ভাতার আওতায় নিয়ে আসবে।

বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তিনি জীবদ্দশায় কখনো আলেম-ওলামাদের নিয়ে কটু মন্তব্য করেননি। তিনি সবসময় তাঁদের সঙ্গে বসতেন, পরামর্শ নিতেন এবং সম্মান প্রদর্শন করতেন।

মাওলানা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মাওলানা ওমর ফারুক, মাওলানা ওবায়দুল ইসলাম, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম ও মাওলানা জাকির হোসেনসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন