কবিরহাটে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
কবিরহাট (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আহসান উল্যাহ মোহন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুজ্জামান বাবুল।
প্রধান অতিথি ওনার বক্তব্যে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিয়মিত অধ্যবসায়, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতেও সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে হবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকাসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথি ও শিক্ষকবৃন্দ সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন। এ সময় পুরো বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
|