এক্স (টুইটার) অ্যাকাউন্ট দখলে নিতে নতুন ফিশিং চক্রান্ত
অনলাইন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীদের ইউজারনেম, পাসওয়ার্ড ও অন্যান্য ব্যক্তিগত তথ্য চুরি করতে নতুন ও বিপজ্জনক ফিশিং কৌশল ব্যবহার করছে সাইবার অপরাধীরা। এক্স-এর অফিসিয়াল লগইন সতর্কবার্তার (Login Alert) হুবহু নকল করে বিভ্রান্তিকর ই-মেইল বানিয়ে ব্যবহারকারীদের টার্গেট করছে চক্রটি।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট 'দ্য নেক্সট ওয়েব'-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এসব প্রতারণামূলক ই-মেইলে দাবি করা হয়— ব্যবহারকারীর অ্যাকাউন্টে অন্য কোনো অজানা ডিভাইস থেকে লগইন করা হয়েছে। এরপর অ্যাকাউন্টটি সুরক্ষার অজুহাতে পাসওয়ার্ড পরিবর্তন কিংবা অ্যাপ অ্যাকসেস পর্যালোচনার জন্য একটি লিংকে ক্লিক করতে বলা হয়। উক্ত লিংকে ক্লিক করলেই ব্যবহারকারীকে একটি ভুয়া ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় এবং সুযোগ বুঝে অ্যাকাউন্টের গুরুত্বপূর্ণ সিকিউরিটি তথ্য হাতিয়ে নেওয়া হয়।
সাইবার নিরাপত্তা সংস্থা 'ইসেট'-এর বৈশ্বিক সাইবার নিরাপত্তা উপদেষ্টা জ্যাক মুর জানান, প্রতারকদের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীর এক্স অ্যাকাউন্টের দখল নেওয়া বা ক্ষতিকর কোনো থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বাগে আনা। পরবর্তীতে এসব হ্যাকড অ্যাকাউন্ট থেকে ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, স্ক্যাম লিংক ছড়ানো এবং ভুয়া তথ্য প্রচারের মতো অপরাধমূলক কাজ চালানো হয়।
পরিস্থিতি মোকাবিলায় এক্স কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে, তাদের অফিসিয়াল কোনো ই-মেইল বার্তা কেবল @X.com অথবা @e.X.com ডোমেইন থেকেই পাঠানো হয়। প্রতিষ্ঠানটি কখনোই সাধারণ ই-মেইল, ডাইরেক্ট মেসেজ (DM) বা রিপ্লাইয়ের মাধ্যমে ব্যবহারকারীর পাসওয়ার্ড জানতে চায় না এবং মেসেজের সাথে কোনো অ্যাটাচমেন্ট পাঠায় না।
বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেকোনো সন্দেহজনক ই-মেইলের লিংকে সরাসরি ক্লিক না করে এক্স-এর মূল অ্যাপ বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট সিকিউরিটি পরীক্ষা করা উচিত। এছাড়া কেউ যদি ভুলবশত ভুয়া লিংকে তথ্য বা ওটিপি (OTP) দিয়ে ফেলেন, তবে দ্রুততম সময়ে পাসওয়ার্ড পরিবর্তন ও টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করার আহ্বান জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে অত্যন্ত নিখুঁত ও আসল ই-মেইলের মতো ভুয়া ই-মেইল তৈরি করা সহজ হয়ে গেছে। তাই যেকোনো লিংকে প্রবেশ করার আগে প্রেরকের ই-মেইল ঠিকানা গভীরভাবে যাচাই করার বিকল্প নেই।
|