সিংগাইরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ণ
সিংগাইরে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ২

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন প্রাণ হারিয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সকাল ৮টার দিকে মানিকগঞ্জ-সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের মেদুলিয়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সিএনজিচালক ফরহাদ হোসেন (৫০) এবং যাত্রী মো. মহরম বেপারি (৪০)। নিহত ফরহাদ মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে এবং মহরম কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দক্ষিণ পানান গ্রামের জামশেদ বেপারির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে হেমায়েতপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা সিংগাইরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মেদুলিয়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে দুমড়েমুচড়ে যাওয়া সিএনজির যাত্রী মহরম বেপারি ঘটনাস্থলেই মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চালক ফরহাদ হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক যান ও আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা