মসজিদে যাতায়াতের পথ বন্ধ, মুসল্লিদের চরম ক্ষোভ

প্রকাশ: মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
মসজিদে যাতায়াতের পথ বন্ধ, মুসল্লিদের চরম ক্ষোভ

উপজেলা প্রতিনিধি, মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একটি জামে মসজিদের প্রধান প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ভূঁইয়াকান্দি দক্ষিণপাড়া 'বাইতুল আমান জামে মসজিদ'-এ।

গতকাল সোমবার (২০ জুলাই) ভূঁইয়াকান্দি গ্রামের বাসিন্দা মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে এই বিতর্কিত পদক্ষেপ নেওয়ার অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দা ও মুসল্লিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮২ সালে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম ও মনির হোসেন—এই তিন ভাই মিলে মসজিদের নামে তিন শতাংশ জমি দান করেন। পরবর্তীতে জমি সংক্রান্ত রেকর্ড জটিলতা এড়াতে শফিকুল ইসলাম ও মনির হোসেন আরও এক শতাংশ জমি দান করেন। দীর্ঘ চার দশক ধরে সেই জমিতেই পাকা মসজিদ নির্মাণ করে স্থানটি পরিচালিত হয়ে আসছে।

তবে এলাকাবাসীর দাবি, গত সাত-আট বছর ধরে রফিকুল ইসলাম মসজিদের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে বাধা দিয়ে আসছেন। এমনকি তিনি মসজিদের গাছ কেটে নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। সর্বশেষ তিনি মসজিদের প্রধান প্রবেশদ্বারে বাঁশের বেড়া দিয়ে সালাত আদায় করতে আসা মুসল্লিদের যাতায়াত রুদ্ধ করে দেন।

মসজিদে আসা একাধিক মুসল্লি ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের মতো নামাজ পড়তে এসে তারা প্রবেশপথে হুট করে বাঁশের বেড়া দেখতে পান। এতে মসজিদে ঢুকতে ও বের হতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারা ঘটনার আশু ও শান্তিপূর্ণ নিষ্পত্তি দাবি করছেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাহানুর আলম জানান, যাতায়াতের প্রধান পথ বন্ধ থাকায় সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ তৈরি হয়েছে। সমস্যা সমাধানে তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করছেন।

মসজিদ কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রধান বলেন, "তিন ভাইয়ের সর্বসম্মতিক্রমে দেওয়া জমি ও এলাকাবাসীর অর্থায়নে এই পাকা মসজিদ গড়ে উঠেছে। কিন্তু সম্প্রতি রফিকুল ইসলাম দাবি করছেন মসজিদের কিছু অংশ নাকি তার ব্যক্তিগত জমিতে পড়েছে। আমরা তিন ভাইকে নিয়ে বসে আলোচনার আহ্বান জানিয়েছিলাম, কিন্তু তিনি না বসে হঠাৎ করেই এই বেড়া দিয়ে দিলেন, যা অত্যন্ত দুঃখজনক।"

অভিযোগের বিষয়ে মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, "বিষয়টি লুকানোর কিছু নেই। বেড়া দেওয়া জায়গাটি আমার নিজস্ব সম্পত্তি। পরিস্থিতির শিকারে বাধ্য হয়ে আমাকে এই পথ বেছে নিতে হয়েছে। বিষয়টির আইনি বা সামাজিকভাবে কোনো সুষ্ঠু সুরাহা হলে আমি মেনে নেব।"

বিষয়টি নিয়ে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, "সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি আমি দেখেছি। কোনো ধর্মীয় প্রতিষ্ঠান বা সাধারণ মানুষের যাতায়াতের পথ রুদ্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভূক্তভোগী পক্ষ যোগাযোগ করলে উভয়পক্ষকে ডেকে দ্রুতই একটি শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেবে প্রশাসন।"

এআইএল/সকালবেলা