রাজশাহী চিনিকল শ্রমিকদের তিন দফা দাবিতে আন্দোলন
আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে নেমেছেন রাজশাহী চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। দাবি আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এক বিক্ষোভ সমাবেশ করেন তারা। কর্মসূচির অংশ হিসেবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ আন্দোলনের আয়োজন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মাসুদ রানা।
শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— চিনিকলে কর্মরত যোগ্য মৌসুমি শ্রমিক-কর্মচারীদের অভ্যন্তরীণভাবে স্থায়ী পদে নিয়োগ প্রদান, ৫ বা ১০ বছর পরপর পদোন্নতির মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা এবং ২০২৩ সালের ১ জুলাই সরকার ঘোষিত ১৫ শতাংশ বিশেষ সুবিধার পে-কমিশনের আদলে শ্রমিকদের জন্যও দ্রুত মজুরি কমিশন বাস্তবায়ন করা।
সমাবেশে বক্তব্য দেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভাদু, সহ-সভাপতি কামাল হোসেন এবং সুপারভাইজার তোফাজ্জল হোসেন।
বক্তারা অভিযোগ করে বলেন, "বেশিরভাগ শ্রমিকের সারা বছর কাজ থাকে না। মৌসুমভিত্তিক কয়েক মাস স্বল্প মজুরিতে কাজ করলেও দীর্ঘদিনের অভিজ্ঞতায় তারা দক্ষ হয়ে ওঠেন। কিন্তু সেই দক্ষতার মূল্যায়ন না করে তাদের স্থায়ী পদে নিয়োগ দেওয়া হচ্ছে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বিশেষ ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পেলেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা লাগাতার অবহেলার শিকার হচ্ছেন।" শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতে দ্রুত দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তারা।
এআইএল/সকালবেলা