বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ডেপুটি স্পিকার
নেত্রকোনা প্রতিনিধি: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে নেত্রকোনার কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিকেলে তিনি দুর্গত এলাকাগুলোতে পৌঁছান এবং সার্বিক ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি খারনৈ ইউনিয়নের গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ধসে যাওয়া সড়ক ও জনপদের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় স্থানীয় প্রশাসন, শিক্ষক-অভিভাবক ও ভুক্তভোগী অধিবাসীদের সাথে কথা বলে জরুরি সহায়তার আশ্বাস প্রদান করেন।
জানা গেছে, পাহাড়ি ঢলের তোড়ে গজারমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচের অংশ থেকে মাটি সরে গিয়ে প্রতিষ্ঠানটি মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাশাপাশি যাতায়াতের রাস্তা ধসে পড়ায় বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। তাছাড়া উপজেলার একাধিক কাঁচা ও পাকা সড়ক ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডেপুটি স্পিকার বলেন, "কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে আপাতত বিকল্প হিসেবে স্থানীয় এক ব্যক্তির বৈঠকখানায় অস্থায়ী ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই নিরাপদ ও উপযুক্ত স্থানে নতুন স্কুল ভবন নির্মাণের পদক্ষেপ নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "বর্তমান ঝুঁকিপূর্ণ স্থানে বারবার সংস্কার করলেও ভবিষ্যতের ঢল বা বন্যায় ক্ষয়ক্ষতির ঝুঁকি থেকে যাবে। তাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে নিরাপদ জমি অধিগ্রহণ করে স্থায়ী অবকাঠামো গড়ে তোলা হবে।"
যোগাযোগ ব্যবস্থা পুনর্নির্মাণ প্রসঙ্গে কায়সার কামাল জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলীরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো পরিদর্শন করেছেন এবং দ্রুত মেরামতকাজ শুরু হবে। ভবিষ্যতে এই ধরণের প্রাকৃতিক দুর্যোগ এড়াতে নিম্নাঞ্চলে 'সাবমার্সিবল' (ডুবো সড়ক) নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে।
পরিদর্শনকালে নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম, লেংগুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হকসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা