বাবার কোলে ফিরল সৈয়দপুরে উদ্ধার হওয়া শিশু

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ণ
বাবার কোলে ফিরল সৈয়দপুরে উদ্ধার হওয়া শিশু

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর শহরের উপজেলা সড়কের বটতলার নিচ থেকে ঘুমন্ত অবস্থায় উদ্ধার হওয়া শিশুটির পরিচয় অবশেষে নিশ্চিত হওয়া গেছে। পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ তৎপরতায় চার বছরের ওই শিশুকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই ২০২৬) সকাল ১০টার দিকে সৈয়দপুর থানায় শিশুটির বাবা ও নানির উপস্থিতিতে তাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

উদ্ধার হওয়া শিশুটির নাম সুমাইয়া (৪)। তার বাবা এরশাদ পেশায় একজন ভিক্ষুক। তিনি মূলত রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান করেন এবং তাঁদের মূল বাড়ি বদরগঞ্জ উপজেলার ৭ নম্বর গোপীনাথপুর ইউনিয়নে। সুমাইয়ার মা তাকে ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে দীর্ঘ সময় ধরে সৈয়দপুর উপজেলা রোডের বটগাছের নিচে একা শিশুটিকে ঘুমিয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। খবর পেয়ে রাত ৮টার দিকে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

কর্মকর্তারা শিশুটিকে জাগিয়ে নাম-পরিচয় জিজ্ঞাসা করলে সে ভয় পেয়ে নিজেকে ‘বাঘ’ নামে পরিচয় দেয়। সে জানায়, ট্রেনে চড়ে এখানে এসেছে, তবে তার ঠিকানা বা বাবার পরিচয় সঠিক বলতে পারছিল না। সার্বিক সুরক্ষার কথা বিবেচনা করে উপজেলা সমাজসেবা কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয় শিশুটিকে।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে সুমাইয়ার ছবি ছড়িয়ে পড়ার পাশাপাশি প্রশাসনিক যোগাযোগের ফলে বিষয়টিকে নজরে আনেন বদরগঞ্জের এক সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী। তিনি শিশুটির বাবাকে বিষয়টি জানালে রাতেই স্বজনেরা সৈয়দপুরের উদ্দেশে রওনা হন।

আজ সকালে সৈয়দপুর থানা প্রাঙ্গণে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সুমাইয়াকে তার বাবার কোলে ফিরিয়ে দেওয়া হয়। হস্তান্তরকালে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ এবং সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজাসহ স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন