‘বনলতা সেন’ আমাকে বহুকাল বাঁচিয়ে রাখবে: নাবিলা

প্রকাশ: বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
‘বনলতা সেন’ আমাকে বহুকাল বাঁচিয়ে রাখবে: নাবিলা

বিনোদন ডেস্ক: গেল ঈদে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা সেন’-এ অভিনয় করে দর্শকদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছেন অভিনেত্রী ও উপস্থাপক মাসুমা রহমান নাবিলা। সিনেমাটির অভিনয় ও তার ক্যারিয়ারের সামগ্রিক বিষয় নিয়ে সমকালের সঙ্গে এক দীর্ঘ সাক্ষাৎকারে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি।

সিনেমাটির সাফল্যের বিষয়ে নাবিলা বলেন, “আমি খুবই অভিভূত। দর্শক যে শুধু আমার অভিনয় নয়, বরং সিনেমাটির নির্মাণ, সেট, পোশাক ও আবহ নিয়েও প্রশংসা করছেন—তা আমার কাছে বড় প্রাপ্তি। এই চরিত্রের জন্য আমাকে ওজন কমাতে হয়েছে, জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে হয়েছে। এমনকি চরিত্রের প্রস্তুতির জন্য অনেক কাজের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছি। এটি আমার অভিনয় জীবনের অন্যতম কঠিন যাত্রা।”

কাজের সংখ্যার চেয়ে মানের প্রতি বেশি গুরুত্ব দেওয়া নাবিলা জানান, শুধু পর্দায় থাকার জন্য তিনি কাজ করেন না। যে গল্প ও চরিত্র তাকে স্পর্শ করে, কেবল সেটিই তিনি করেন। ‘আয়নাবাজি’, ‘তুফান’ এবং সর্বশেষ ‘বনলতা সেন’—নিজের এই অভিনয় যাত্রাকে তিনি ভাগ্যের সহায়তা হিসেবে দেখছেন।

‘তুফান’ সিনেমায় শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা শেয়ার করে নাবিলা বলেন, “শাকিব খান আমাকে দারুণ সারপ্রাইজ দিয়েছেন। এত বড় তারকা হয়েও সেটে তিনি অসম্ভব সহযোগী এবং সহশিল্পীদের স্বাচ্ছন্দ্য দিতে পছন্দ করেন। আগামীতে ভালো গল্প ও চরিত্র পেলে অবশ্যই তার সঙ্গে কাজ করা হতে পারে।”

বাংলাদেশের চলচ্চিত্রে নারী চরিত্রের সুযোগ প্রসঙ্গে তিনি বলেন, পরিস্থিতি আগের চেয়ে বদলাচ্ছে, তবে আরও অনেক পরিবর্তন প্রয়োজন। দর্শকরা এখন ভালো গল্প দেখতে চায়, তাই নারী চরিত্রকেও গুরুত্ব দেওয়ার সময় এসেছে।

উপস্থাপনা ও অভিনয়ের পাশাপাশি এখন মাতৃত্বকালীন ব্যস্ততা সামলে কীভাবে ভারসাম্য বজায় রাখছেন, এমন প্রশ্নের জবাবে নাবিলা বলেন, “সময় ব্যবস্থাপনাটাই এখানে প্রধান। মা হওয়ার পর জীবনের অগ্রাধিকার বদলেছে। তবে আমি কাজও ভালোবাসি, তাই সবকিছুর মধ্যে একটা ভারসাম্য রাখার চেষ্টা করি।” সামনে নতুন কিছু ভালো কাজের অপেক্ষায় আছেন বলেও জানান এই তারকা।

জান্নাত সকালবেলা

মন্তব্য করুন