যুদ্ধ বন্ধে কূটনৈতিক সফর শেষ করলেন শেহবাজ

যুদ্ধ বন্ধে কূটনৈতিক সফর শেষ করলেন শেহবাজ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনের প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিতে আলাদাভাবে কূটনৈতিক সফর শেষ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ইতোমধ্যে তুরস্ক থেকে প্রধানমন্ত্রী এবং ইরানের রাজধানী তেহরান থেকে সেনাপ্রধান পাকিস্তানে পৌঁছেছেন। খবর আলজাজিরার।

শনিবার (১৮ এপ্রিল) পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, তিন দিনের তেহরান সফরে আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্ব এবং শান্তি আলোচনায় নিয়োজিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। এই সফর আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে প্রত্যাশিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পথ প্রশস্ত করবে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রচারে পাকিস্তানের অবিচল সংকল্পকে তুলে ধরবে। সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও সামরিক কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

উল্লেখ্য, গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সর্বোচ্চ পর্যায়ের সরাসরি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছিল। সেই সাথে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী ২২ এপ্রিল শেষ হতে চলেছে। এই প্রেক্ষাপটে শান্তি প্রক্রিয়াকে গতিশীল করতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সৌদি আরব, কাতার ও তুরস্ক সফর করেছেন। শনিবার তিনি পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারসহ তুরস্কের আনাতালিয়া ডিপ্লোম্যাসি ফোরাম ত্যাগ করেন।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ লিখেছেন, স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ এবং কূটনীতিকে এগিয়ে নিতে পাকিস্তান তার ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্প পাকিস্তানি সেনাপ্রধানের ভূমিকার প্রশংসা করে বলেছেন, আসিম মুনির চমৎকার কাজ করছেন। যদিও এখনও কিছু গুরুতর মতপার্থক্য রয়ে গেছে, তবে ব্যাপক কূটনৈতিক তৎপরতার ফলে একটি বড় ধরনের সাফল্যের প্রত্যাশা তৈরি হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন