ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. হাসান ইসলাম, পাবনা জেলা প্রতিনিধি: পাবনার সুজানগরে মসজিদের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য প্রকাশ করায় সেলিম মোর্শেদ রানা নামের এক সংবাদকর্মীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রানা বেসরকারি টেলিভিশন চ্যানেল 'আনন্দ টিভি'র পাবনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুজানগর উপজেলার হাটখালী বাজার মসজিদের একটি উন্নয়ন প্রকল্পের বরাদ্দকৃত অর্থ কাজ না করেই আত্মসাৎ করার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সাংবাদিক সেলিম মোর্শেদ রানা তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি প্রতিবাদী স্ট্যাটাস দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাটখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি আব্দুল মান্নান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আব্দুল মান্নান মোবাইল ফোনে পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিবের নাম ব্যবহার করে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছেন। ভিডিওতে তাঁকে অত্যন্ত মারমুখী অবস্থানে কথা বলতে শোনা যায়।
ভুক্তভোগী সাংবাদিক সেলিম মোর্শেদ রানা বলেন, "আমি কেবল অনিয়মের বিরুদ্ধে জনস্বার্থে ফেসবুকে লিখেছিলাম। কিন্তু এমপির নাম ভাঙিয়ে যেভাবে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে, তাতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
পাবনা-২ আসনের সংসদ সদস্য এ.কে.এম সেলিম রেজা হাবিব বলেন, "রানা একজন ভালো সাংবাদিক। আমার নাম ব্যবহার করে কেউ যদি হুমকি দিয়ে থাকে, তবে তার দায় আমি নেব না। দলের নাম ভাঙিয়ে অপরাধ করলে অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।"
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, সাংবাদিককে হুমকির বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীম এহসান জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে প্রকল্পের অর্থ সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ