লালমনিরহাটে পুকুর থেকে লাশ উদ্ধার

লালমনিরহাটে পুকুর থেকে লাশ উদ্ধার

মানজুরুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের কাঁশিপুুর এলাকার মৃত আনসার আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে তিনি বাড়ি থেকে বের হন। কিন্তু বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় স্বজনরা তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। বিকেল নাগাদ আউদিয়ার দোলার মখড়া ঢঢগাছ এলাকার মিঠুর পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এদিকে আখতার হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন