ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রতি কান্ত জয়ধর (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় সীমান্ত সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রতি কান্ত জয়ধর গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার পোলটানা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সপরিবারে ভারতে বসবাস করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রতি কান্ত জয়ধর বাংলাদেশে থাকা তাঁর পৈতৃক জমি-জমা বিক্রি করার উদ্দেশ্যে কিছুদিন আগে দেশে আসেন। জমি বিক্রির কাজ শেষ করে শুক্রবার ভোরে তিনি পুনরায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় পৌঁছান। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রতি কান্তের মৃত্যুর সংবাদ তাঁর নিজ গ্রাম কোটালীপাড়ার পোলটানায় পৌঁছালে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। তাঁর অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পুরো উপজেলায় শোকের ছায়া বিরাজ করছে।
দীর্ঘদিন সীমান্তে হত্যা নিয়ে নানা প্রতিবাদের পর আবারও বিএসএফের গুলিতে প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী সরকারের নিকট জোরালো দাবি জানিয়েছেন যেন সীমান্তে আর কোনো বাংলাদেশিকে এভাবে অকালে প্রাণ দিতে না হয়। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের জন্য তাঁরা সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ