বশেমুরবিপ্রবিতে মাঝরাতে শিক্ষার্থীদের মানববন্ধন

বশেমুরবিপ্রবিতে মাঝরাতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য ও উপাচার্যের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগের দ্রুত তদন্ত এবং বিচার দাবিতে মধ্যরাতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। 

শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালিত হয়।

শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের (চ্যানেল ২৪) অনুসন্ধানী অনুষ্ঠান 'সার্চলাইট'-এ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনের বিরুদ্ধে শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের তথ্য প্রচারিত হয়। এই ঘটনার প্রেক্ষিতেই বামপন্থী সংগঠনের ৭ জন শিক্ষার্থী তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশের ডাক দেন এবং পরবর্তীতে মানববন্ধন করেন।

মানববন্ধনে বামপন্থী সংগঠন 'ছাত্রগণমঞ্চ'-এর নেতা নিঘাদ রোদ্র বলেন, "শিক্ষক নিয়োগে দুর্নীতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ একাধিকবার সামনে এসেছে। একপক্ষ অভিযোগ করে, অন্যপক্ষ তা ধামাচাপা দেয়। এতে সাধারণ শিক্ষার্থীরা চরম ক্ষতির মুখে পড়ছে।" তিনি আরও উল্লেখ করেন যে, অনেক বিভাগে শিক্ষক ও ল্যাব সহকারীর তীব্র সংকট রয়েছে। ৫ জন শিক্ষক দিয়ে একটি বিভাগ পরিচালনা করা হচ্ছে এবং শিক্ষকদের ওপর অতিরিক্ত ক্লাসের চাপ সৃষ্টি করা হচ্ছে, যার প্রভাব পড়ছে শিক্ষার মানে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়ার জন্য তিনি প্রশাসনকে দায়ী করেন।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আল্টিমেটাম প্রদান করে বলেন, দুর্নীতির অভিযোগের সত্যতা মিললে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে তারা সংক্ষিপ্ত মানববন্ধন শেষ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন