খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে: দুলু

খাল খননের মাধ্যমে কৃষকের ভাগ্যের উন্নয়ন হবে: দুলু

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, "কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আর কৃষির মূল চালিকাশক্তি পানি ব্যবস্থাপনার জন্য খাল খনন কর্মসূচি অত্যন্ত জরুরি। এই উদ্যোগের মাধ্যমেই দেশের কৃষকদের ভাগ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব।"

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর সদর উপজেলার হালসা-হেলেঞ্চা খাল পুনখনন এবং ভাদুড়ী-যামিনী খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় দুই কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প স্থানীয় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

হুইপ দুলু তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রায় পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষি বিপ্লবের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজও সমসাময়িক। তিনি দাবি করেন, বর্তমানে তারেক রহমানের নেতৃত্বে এই খাল খনন কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনার সংকট ও খরা মৌসুমে পানির অভাব মোকাবিলায় খাল খননের মাধ্যমে পানি সংরক্ষণ করাই এখন টেকসই কৃষির একমাত্র পথ।

খাল খনন উদ্বোধনের আগে তিনি রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের আয়োজনে একটি হজ প্রশিক্ষণ কর্মশালারও উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন এবং সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন