ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর থানার সেকেন্ড অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেনের বিরুদ্ধে অপহরণ মামলার আসামিদের রক্ষায় অনৈতিক সুবিধা গ্রহণ এবং বাদীপক্ষকে পাল্টা মামলায় হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে গত বুধবার (১৫ এপ্রিল) জামালপুরের পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী লিটন আকন্দ।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের হরিণধরা গ্রামের লিটন আকন্দের বোনকে (মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী) অপহরণের অভিযোগে গত ২৫ জানুয়ারি নুর হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়। মামলাটি তদন্ত করে পিবিআই গত ৮ এপ্রিল ঘটনার সত্যতা পাওয়ার মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করে।
বাদী লিটন আকন্দের দাবি, অপহরণ মামলা করার পর থেকেই আসামিরা ক্ষুব্ধ হয়ে ১৯ ফেব্রুয়ারি তাঁদের ওপর হামলা চালায়। এতে তাঁর দাদা বিশু আলী গুরুতর আহত হলেও এসআই কামাল হোসেন মামলা না নিয়ে উল্টো অপহরণের মামলাটি আপস করার প্রস্তাব দেন। পরবর্তীতে গত ১৮ মার্চ রাতে আসামিরা নিজেদের ঘরে নিজেরা আগুন দিয়ে লিটন ও মামলার সাক্ষীদের বিরুদ্ধে থানায় এজাহার দেয়।
অভিযোগ রয়েছে, এসআই কামাল হোসেন মোটা অংকের অর্থের বিনিময়ে বিনা তদন্তে সেই কাল্পনিক অভিযোগটি মামলা হিসেবে রুজু করেন।
ভুক্তভোগী লিটন আকন্দ বলেন, "আসামিদের রক্ষায় বসতবাড়িতে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার নাটক সাজিয়ে এসআই কামাল আমাদের বিরুদ্ধে মামলা নিয়েছে। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"
তবে অভিযুক্ত এসআই মো. কামাল হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, "ঘটনাস্থল পরিদর্শন করে এবং সাক্ষ্য-প্রমাণ পেয়েই মামলা রুজু করা হয়েছে। দ্রুত আদালতে চার্জশিট দেওয়া হবে।"
অন্যদিকে, ইসলামপুর থানার ওসি মো. আব্দুল কাইয়ুম গাজী জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের এসপি মোছা. ফারহানা ইয়াসমিন জানিয়েছেন, অভিযোগপত্রটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ