রংপুরে বজ্রপাতে নিহত ২, শিশুসহ আহত ১১

রংপুরে বজ্রপাতে নিহত ২, শিশুসহ আহত ১১

আবু রায়হান, রংপুর ব্যুরো: রংপুরের মিঠাপুকুর উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। 

শনিবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সখিপুর গ্রামের স্থানীয় মৎস্যজীবী মিলন মিয়া (৩৫) এবং একই এলাকার কৃষক তালেব উদ্দিন (৪৫)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন জানান, সকালে বৃষ্টির সময় ছোট শালমারা বিলে কয়েকজন মৎস্যজীবী মাছ ধরছিলেন। এসময় সেখানে শিশুসহ ১৫-২০ জন মানুষ জড়ো হয়েছিলেন। একই সময়ে তালেব উদ্দিন পাশের একটি পুকুরে কচুরিপানা পরিষ্কারের কাজ করছিলেন। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই অন্তত ১১ জন গুরুতর আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন মিয়া ও তালেব উদ্দিনকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাঁদের মৃত্যু হয়েছিল। আহতদের মধ্যে ৭ থেকে ১২ বছর বয়সী তিনজন শিশু রয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করেছে। বর্তমানে আহতরা মিঠাপুকুর ও রংপুরে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন