বালুবাহী ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

বালুবাহী ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু

সুমন ঘোষ, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক উন্নয়ন কাজ করার সময় বালুবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। 

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের ধলাটেঙ্গর (চর ভাবলা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসমত (হাসু) (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তাঁরা দুজনেই একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে মহাসড়কের সংস্কার কাজে নিয়োজিত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯ জন শ্রমিকের একটি দল মহাসড়কের ৫ ও ৬ নম্বর ব্রিজের মাঝামাঝি এলাকায় কাজ করছিলেন। এ সময় যমুনা সেতু থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে কর্মরত শ্রমিকদের ওপর উঠে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই হাসমত ও আশরাফের মৃত্যু হয়। এ সময় আরও দুই শ্রমিক গুরুতর আহত হলে তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটি জব্দ করে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। যমুনা সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন