ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়ন ক্যাটাগরিতে সারাদেশের সকল উপজেলার মধ্যে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা। এই অনন্য স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মাননা স্মারক গ্রহণ করা হয়েছে, যা পুরো ফরিদপুর জেলার জন্য এক বিশাল অর্জন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার সার্বিক মানোন্নয়ন, চিকিৎসা সহজলভ্য করা এবং বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানসিভ জুবায়ের নাদিম-এর গতিশীল নেতৃত্ব এবং স্বাস্থ্যকর্মীদের নিরলস পরিশ্রমে এ সাফল্য সম্ভব হয়েছে।
এই গৌরবময় অর্জনে ভাঙ্গা উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে এলাকার খেটে খাওয়া মানুষ, যারা আগে অর্থাভাবে সুচিকিৎসা পেতেন না, তাঁরা বর্তমান স্বাস্থ্যসেবার মানে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সাংবাদিক সমাজ ও সচেতন নাগরিকরা এই সাফল্যকে ভাঙ্গার উন্নয়ন ইতিহাসের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ আশা প্রকাশ করেছে যে, এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে ভাঙ্গা উপজেলা ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মডেল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়াই এখন তাঁদের প্রধান লক্ষ্য।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ