রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: যুবলীগ নেতা আটক

প্রকাশ: সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ণ
রৌমারীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: যুবলীগ নেতা আটক

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার সময় জাকির হোসেন নামের এক স্থানীয় যুবলীগ নেতাকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করেছেন গ্রামবাসী। পরে উত্তেজিত জনতা তাঁকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অপরাধীকে থানায় নিয়ে যাওয়ার সময় তাঁর ফাঁসির দাবিতে এলাকায় তুমুল বিক্ষোভ প্রদর্শন করেছেন ক্ষুব্ধ বাসিন্দারা।

গতকাল রোববার (২১ জুন) গভীর রাতে রৌমারী উপজেলার পূর্বকাউয়ারচর এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটক জাকির হোসেন স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং তিনি একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বকাউয়ারচর এলাকার বাসিন্দা মিজানুর রহমান দীর্ঘদিন ধরে মালদ্বীপে কর্মরত রয়েছেন। তাঁর অনুপস্থিতির সুযোগ নিয়ে জাকির হোসেন প্রায় রাতেই ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করতেন এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে জাকির হোসেন সুযোগ বুঝে প্রবাসীর বাড়ির বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন এবং ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তাঁরা যুবলীগ নেতা জাকিরকে একটি দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ধরে ফেলেন এবং হাত-পা বেঁধে উত্তম-মধ্যম দেন।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে উদ্ধার করে। গণধোলাইয়ে আহত জাকিরকে প্রথমে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ যখন জাকিরকে আটক করে থানায় নিয়ে যাচ্ছিল, তখন শত শত এলাকাবাসী একজোট হয়ে তাঁর ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয়দের দাবি, আটক জাকির হোসেন এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসী ও অপরাধী। তাঁর বিরুদ্ধে খুন, মাদক কারবার ও ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে। এমনকি বর্তমানেও তাঁর বিরুদ্ধে আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি রয়েছে বলে জানা গেছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “রাতেই খবর পেয়ে পুলিশ আসামিকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধী যেই হোক না কেন, আইন অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন