লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ

লেবাননে ইসরায়েলের ‘যুদ্ধবিরতি লঙ্ঘন’ নিয়ে পাকিস্তান-ফ্রান্সের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ইসরায়েলের নির্বিচারে হামলাকে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন’ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। বিবিসির খবর অনুযায়ী, এক ফোনালাপে দুই দেশের শীর্ষ কূটনীতিক এই উদ্বেগের কথা জানান।

আলাপকালে জঁ-নোয়েল ব্যারো বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে ‘দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা’ প্রতিষ্ঠায় কূটনৈতিক পথ অনুসরণের বিষয়ে পাকিস্তানের প্রচেষ্টাকে সমর্থন করে ফ্রান্স। শুক্রবার (১০ এপ্রিল) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতাই লেবাননে সংঘটিত যুদ্ধবিরতির লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। একইসঙ্গে তারা যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন ও তা কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও এই আলোচনা সফলভাবে সম্পন্ন হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। এমন এক স্পর্শকাতর সময়েই ফ্রান্স ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই ফোনালাপ অনুষ্ঠিত হলো।

সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে এই চুক্তি কার্যকর হওয়া নিয়ে বর্তমানে নানামুখী টানাপোড়েন দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী লেবাননের ওপর হামলা বন্ধ করার কথা থাকলেও ইসরায়েল ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবারও ইসরায়েলি হামলায় দেশটিতে ৩০৩ জন নিহত হয়েছেন। এরই মধ্যে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে এই সহিংস হামলা অবিলম্বে বন্ধের জোরালো আহ্বান জানিয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন