ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দক্ষিণ বাংলার ঐতিহাসিক প্রশাসনিক কেন্দ্র বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 'বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি' আয়োজিত এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে সামাজিক সংগঠন 'গর্বের বাকেরগঞ্জ'।
সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া এই মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন। নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বাকেরগঞ্জের হারানো গৌরব ও প্রশাসনিক মর্যাদা ফিরিয়ে দেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন।
বক্তারা ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, ১৭৪১ সালে মির্জা আগা মুহম্মদ বাকের শ্রীমন্ত নদীর তীরে বাকেরগঞ্জ বন্দর ও প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন। পরবর্তীতে ১৭৯৭ সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল স্যার জন শোর আনুষ্ঠানিকভাবে বাকেরগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করেন। দীর্ঘ দুই শতাব্দী (১৭৯৭-১৯৯৩) ধরে এই অঞ্চলটি একটি সমৃদ্ধ বাণিজ্যিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে টিকে ছিল।
কর্মসূচিতে অভিযোগ করা হয়, ১৮০১ সালের ভূমিকম্পের ফলে নদীর গতিপথ বদলে যাওয়ায় জেলা সদর বরিশালে স্থানান্তর করা হলেও জেলার নাম ও মর্যাদা বাকেরগঞ্জই বহাল ছিল। কিন্তু ১৯৯৩ সালের ১ জানুয়ারি কোনো প্রকার স্বচ্ছ প্রক্রিয়া বা নিকার (NICAR) কমিটির অনুমোদন ছাড়াই বাকেরগঞ্জ জেলার নাম বিলুপ্ত করে একে উপজেলায় রূপান্তর করা হয়। বক্তাদের দাবি, এই পরিবর্তনের কোনো সরকারি প্রজ্ঞাপনও তখন প্রকাশ করা হয়নি, যা আইনত প্রশ্নবিদ্ধ।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান দুলাল এবং গর্বের বাকেরগঞ্জের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শামসুল আরেফিন।
এছাড়াও প্রকৌশলী মিজানুর রহমান মাসুদ, দেলোয়ার হোসেন মোল্লা, প্রকৌশলী গোলাম কাওসার, নুরুল ইসলাম সাকিব, প্রকৌশলী মাসুদ খান এবং উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আফজাল হোসেন গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দ্রুত বাকেরগঞ্জ জেলার ঐতিহাসিক স্বীকৃতি ও প্রশাসনিক মর্যাদা পুনর্বহালের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ