ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের গজারিয়ায় রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত করার সময় হাতেনাতে ৪ জন পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর ও গজারিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো— মাদারীপুরের কালকিনি উপজেলার মো. রুবেল (৩৯), নওগাঁর মো. সৌরভ (২১), গাজীপুরের টঙ্গী এলাকার মো. সোহেল গাজী (২১) এবং মো. ইয়াছিন আরাফাত (২১)।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল সকালে গজারিয়া থানাধীন আনারপুরা এলাকায় কতিপয় লোক রুগ্ন ও বয়স্ক ঘোড়া জবাই করছে— এমন সংবাদে পুলিশ ও স্থানীয়রা সেখানে উপস্থিত হলে অপরাধীরা পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৯টি জবাইকৃত ঘোড়ার মাংস এবং ১টি জীবিত অসুস্থ ঘোড়া উদ্ধার করে প্রাণিসম্পদ কর্মকর্তার হেফাজতে দেয়। এই ঘটনায় স্থানীয় আল-আমিন শিকদার বাদী হয়ে গজারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরবর্তীতে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গজারিয়া থানা পুলিশের একটি চৌকস টিম তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গাজীপুরের টঙ্গী ও বাসন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রটিকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘ দিন ধরে গজারিয়াসহ দেশের বিভিন্ন চরাঞ্চল থেকে রুগ্ন ও বয়স্ক ঘোড়া সংগ্রহ করে জবাই করত। পরে এই মাংস পিকআপযোগে ঢাকায় পাঠিয়ে তাদের সহযোগীদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে গরুর মাংস হিসেবে চড়া দামে বিক্রি করে আসছিল।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এমন নজিরবিহীন প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ