ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মাসুম বিল্লাহ, বাগেরহাট: বাগেরহাটের কাঁচাবাজারে হঠাৎ করেই নিত্যপ্রয়োজনীয় সব ধরনের সবজির দাম আকাশচুম্বী হয়ে উঠেছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে করলা (উস্তে), বেগুন ও পটলের মতো সবজির দাম প্রায় দ্বিগুণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ও নিম্নআয়ের মানুষ।
শুক্রবার (১০ এপ্রিল) ছুটির দিনে বাজারে ক্রেতার ভিড় বাড়লেও সরবরাহ সংকটের অজুহাতে চড়া দাম হাঁকছেন বিক্রেতারা।
সকালে শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে যে উস্তে, বেগুন ও পটল ৪০–৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, আজ তা ৮০–১০০ টাকায় ঠেকেছে। এছাড়া লাউ, টমেটো, ঢেঁড়শ, শসা ও গাজরসহ প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
বাজারের খুচরা বিক্রেতা আব্দুল কাদের ও রফিকুল ইসলাম জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ অনেক কমে গেছে। বিভিন্ন জেলা থেকে মাল না আসায় এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় তারা বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন। যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারে।
সবজি কিনতে আসা মো. জাহিদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, "এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম দ্বিগুণ হয়ে যাবে তা ভাবিনি। বাধ্য হয়ে এক কেজির বদলে এখন আধা কেজি করে কিনছি। মধ্যবিত্তের জন্য সংসার চালানো এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।" গৃহিণী সালমা বেগমের অভিযোগ, বাজারে প্রশাসনের কোনো তদারকি না থাকায় বিক্রেতারা খেয়ালখুশি মতো দাম বাড়াচ্ছেন।
সবজির বাজারে অস্থিরতা থাকলেও স্বস্তির খবর হচ্ছে— মাছ, মাংস ও মুদি পণ্যের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে। চাল, ডাল ও তেলের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। সাধারণ মানুষ আশা করছেন, সরবরাহ বৃদ্ধি পেলে দ্রুতই সবজির বাজার নিয়ন্ত্রণে আসবে। তবে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন বাগেরহাটবাসী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ