বিষে শেষ ছাত্রদল নেতার মৎস্য খামার

বিষে শেষ ছাত্রদল নেতার মৎস্য খামার

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীর সোনাগাজীতে এক ছাত্রদল নেতার মৎস্য খামারে বিষ ঢেলে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার (১০ এপ্রিল) গভীর রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর তিন বাড়িয়া-রহমত নগর এলাকার হাজী আকবর বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পুলিশ জানায়, ওই এলাকার শহীদুল ইসলামের ছেলে ও স্থানীয় ছাত্রদল নেতা রিফাতুল ইসলাম রিফাত তার বসতবাড়ির পাশে প্রায় ছয় লাখ টাকা ব্যয় করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। শুক্রবার রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে খামারের সব মাছ মরে ভেসে ওঠে।

খামারের মালিক রিফাতুল ইসলাম অভিযোগ করেন, গত ৭ এপ্রিল দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী নুর আলম, শাহাজাহান উদ্দিন সারু, রাজু ও ফরহাদের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার জেঠাতো ভাই রাজমিস্ত্রি রাকিব হোসেনকে (২২) তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়ে হত্যার চেষ্টা করে। ওই ঘটনায় তার বোন নুরের নাহার বাদী হয়ে মামলা করলে পুলিশ শীর্ষ সন্ত্রাসী নুর আলমকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। রিফাতের ধারণা, ওই মামলার জের ধরে এবং সন্ত্রাসীদের কর্মকাণ্ডের প্রতিবাদ করায় প্রতিশোধ নিতেই তার মৎস্য খামারে বিষ দেওয়া হয়েছে।

বর্তমানে আহত রাকিব ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় রিফাত বাদী হয়ে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন