ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে সৃষ্টি হলো এক অনন্য ইতিহাস। বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় হেফজুল কুরআন বিভাগে সারা বাংলাদেশের মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন হাফেজা মোছাঃ সাদিয়া খাতুন। এই অভাবনীয় সাফল্য উদযাপনে কোটচাঁদপুরের 'খাতুনে জান্নাত মহিলা মাদরাসা'র তিন কৃতি শিক্ষার্থীকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা দেশে প্রথম স্থান অধিকারী সাদিয়া খাতুন ছাড়াও ৫ম শ্রেণিতে ৪৬তম মেধা তালিকায় স্থান পাওয়া হাফেজা সানজিদা খাতুন এবং ৮ম শ্রেণিতে ১১৪তম স্থান অর্জনকারী হাফেজা জান্নাতুল ফেরদৌসী সেজদিকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন আবেগপ্লুত কণ্ঠে বলেন, "সাদিয়া কেবল আমাদের মাদরাসার নয়, বরং গোটা ঝিনাইদহ তথা বাংলাদেশের গর্ব। এই সাফল্য মহান আল্লাহর অশেষ মেহেরবানি এবং শিক্ষক ও শিক্ষার্থীর কঠোর পরিশ্রমের ফল। সঠিক পরিচর্যা পেলে মফস্বলের মেয়েরাও যে বিশ্বজয়ের স্বপ্ন দেখতে পারে, সাদিয়া তার প্রমাণ।"
পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোসলেম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে কৃতি ছাত্রীদের উৎসাহিত করেন মুফতি ফিরোজ গাজী, মুফতি উবায়দুল্লাহ আল মাসুদ এবং বিশিষ্ট ব্যবসায়ী আমিন উদ্দিন খাঁন।
স্থানীয়রা এই সাফল্যকে এলাকার জন্য বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেছেন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ