ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচে রেকর্ড গড়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বন্দরনগরী চট্টগ্রামের বৈরী আবহাওয়া সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টির কারণে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম) নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি।
পূর্বাভাস অনুযায়ী আজ বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। তবে বেলা ১২টার পর শুরু হয় ঝুম বৃষ্টি, সাথে বইছে ঝোড়ো হাওয়া। আবহাওয়া দপ্তরের তথ্যমতে, আজ চট্টগ্রামে ৭০ থেকে ৯০ শতাংশ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই দুপুর ১২টার দিকে দুই দলের ক্রিকেটাররা স্টেডিয়ামে পৌঁছান। দুপুর ১টা ৩০ মিনিটে টস হওয়ার কথা থাকলেও ভারী বর্ষণে পুরো মাঠ এখন কাভারে ঢাকা।
ম্যাচ অফিসিয়ালদের দেওয়া তথ্যমতে, খেলা শুরু করার জন্য বিকেল ৫টা পর্যন্ত অপেক্ষা করবেন আম্পায়াররা। এই স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থা বেশ আধুনিক হওয়ায় বৃষ্টি থামার ঘণ্টা দুয়েকের মধ্যেই মাঠ খেলার উপযোগী করা সম্ভব। তবে সময়ের স্বল্পতা থাকলে ওভার কমিয়ে ম্যাচ পরিচালনার চেষ্টা করা হবে। আর যদি বৃষ্টি না কমে, তবে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হতে পারে।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে তাওহিদ হৃদয় ও শামীম পাটোয়ারীর ব্যাটে ভর করে দুর্দান্ত জয় পেয়েছিল বাংলাদেশ। আজ জিততে পারলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত হবে লিটন বাহিনীর। অন্যদিকে, নিউজিল্যান্ডের জন্য এটি সিরিজে টিকে থাকার লড়াই। প্রকৃতির বাধায় আজ খেলা না হলে সিরিজ নির্ধারণের জন্য আগামী ২ মে ঢাকায় অনুষ্ঠিতব্য তৃতীয় ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে টাইগারদের।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ