স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

স্কুল শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ

মাসুম বিল্লাহ, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের রণজিৎপুর মাধ্যমিক বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সরদার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের সাথে চরম অস্বাভাবিক ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। নবম ও দশম শ্রেণির একাধিক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত স্পর্শ এবং মানসিকভাবে বিব্রতকর আচরণের অভিযোগ তুলেছেন, যা নিয়ে এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, ওই শিক্ষক ক্লাসে পড়ানোর পরিবর্তে ছাত্রীদের চোখের দিকে তাকিয়ে 'মনের ভাষা পড়া'র অযুহাতে অশালীন মন্তব্য করেন। অনেক সময় ওড়না ধরে টানাটানি, ঘাড় বা শরীরে হাত দেওয়া এবং কপালের টিপ সরিয়ে দেওয়ার মতো আপত্তিকর ঘটনা ঘটান। প্রতিবাদ করলে স্কুল থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও শিক্ষার্থীরা দাবি করেছে।

অভিভাবক ইলিয়াস শেখ জানান, শিক্ষকের এমন আচরণের কারণেই তিনি তার মেয়েকে ওই স্কুল থেকে সরিয়ে অন্য প্রতিষ্ঠানে ভর্তি করাতে বাধ্য হয়েছেন। এছাড়াও ওই শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় দোকানে বসে ধূমপান এবং প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের দাবি, এর আগেও তার বিরুদ্ধে প্রতিবাদ হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।

অভিযুক্ত শিক্ষক সরদার মাহবুবুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

তবে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। জেলা শিক্ষা কর্মকর্তা মো. সাদেকুল ইসলামও বিষয়টি নজরে আসার কথা স্বীকার করে বলেন, অভিযোগের সত্যতা মিললে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন