একাধিক স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

একাধিক স্বামীর বিশেষ অঙ্গ কাটার অভিযোগে স্ত্রী আটক

মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে তাঁর দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। 

সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে (৩২) আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ইসমাইল গাজী রাতের খাবার শেষে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে নাজমা ধারালো বটি দিয়ে ইসমাইলের গোপনাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে দেন। ইসমাইলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে প্রথমে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয়রা জানান, ইসমাইল গাজীর একাধিক স্ত্রী রয়েছে। বড় স্ত্রী সন্তানদের নিয়ে আলাদা থাকলেও কয়েক দিন আগে তিনি সিরাজপুরের বাড়িতে আসেন। এ নিয়ে ছোট স্ত্রী নাজমার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, সেই ক্ষোভ থেকেই এই হামলা চালানো হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর পাশে থাকা অবস্থায় আটক হওয়ার আগে নাজমা খাতুন সাংবাদিকদের কাছে অকপটে তাঁর অপরাধ স্বীকার করেন। তিনি বলেন, “পারিবারিক সমস্যার কারণে আমি নিজেই বটি দিয়ে স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করি।” 

চাঞ্চল্যকর তথ্য হলো, ২০১৭ সালে শ্যামনগরের এক ব্যবসায়ীর ওপর একই ধরনের হামলার ঘটনার কথা জানতে চাইলে নাজমা সেটিও স্বীকার করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, আহত ব্যক্তির গোপনাঙ্গ শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। নাজমা খাতুন নিজেই কর্তনকৃত অংশটি নিয়ে স্বামীকে হাসপাতালে এসেছিলেন।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “অভিযুক্ত নাজমা খাতুনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা ও অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন