সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের

সুন্দরী নারী না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের কাছে 'ক্ষতিপূরণ' হিসেবে ১ বিলিয়ন ডলার এবং দেশটির 'সবচেয়ে সুন্দরী নারীকে' বিয়ের জন্য দাবি করেছেন উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় অবস্থিত তুর্কি দূতাবাস বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন তিনি। মুহুজি কাইনেরুগাবা উগান্ডার বর্তমান প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা অভিযোগ করেন, সোমালিয়ার মোগাদিশুতে বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন অবকাঠামো প্রকল্প থেকে তুরস্ক বিপুল মুনাফা অর্জন করছে। তাঁর দাবি, উগান্ডা দীর্ঘ দুই দশক ধরে ওই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করে আসছে, অথচ তুরস্ক সেই ‘নিরাপত্তা লভ্যাংশ’ একা ভোগ করছে। এই অবদানের স্বীকৃতি ও আর্থিক ক্ষতিপূরণ হিসেবেই তিনি ১ বিলিয়ন ডলার দাবি করেছেন।

কাইনেরুগাবা সরাসরি আল্টিমেটাম দিয়ে বলেন, “তুরস্কের জন্য এটি খুবই সহজ বিষয়—হয় তারা আমাদের টাকা দেবে, নয়তো আমি এখানে তাদের দূতাবাস বন্ধ করে দেব। তারা চাইলে তুরস্কেও আমাদের দূতাবাস বন্ধ করতে পারে, তাতে কোনো সমস্যা নেই।” তিনি আরও দাবি করেন, তুরস্ক উগান্ডার সঙ্গে অন্যায় আচরণ করছে এবং খুব শীঘ্রই দেশটি তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে। উগান্ডার নাগরিকদেরও তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।

আর্থিক দাবির পাশাপাশি তিনি তুরস্কের 'সবচেয়ে সুন্দরী নারী'কে তাঁর কাছে তুলে দেওয়ার বিতর্কিত আহ্বান জানান, যাকে তিনি বিয়ে করতে চান। এর আগেও কাইনেরুগাবা এ ধরনের অদ্ভুত মন্তব্য করে আলোচনায় এসেছিলেন। ২০২২ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে বিনিময়ে ১০০টি ‘আঙ্কোল গরু’ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে বলেন, “পবিত্র ভূমি ও যিশু খ্রিস্টের ভূমি রক্ষার জন্য আমি ইসরায়েলে ১ লাখ উগান্ডান সেনা পাঠাতে প্রস্তুত।”

উল্লেখ্য, উগান্ডা প্রায় দুই দশক ধরে আফ্রিকান ইউনিয়ন মিশনের অংশ হিসেবে সোমালিয়ায় আল-শাবাব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সক্রিয় ভূমিকা পালন করছে। কাইনেরুগাবার এমন লাগামহীন মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন