দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী এখন ‘সিঙ্গেল’

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতির্ময়ী এখন ‘সিঙ্গেল’

বিনোদন ডেস্ক: ছোট পর্দার গ্ল্যামার পেরিয়ে কলকাতার রুপালি জগতে পা রাখা অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু এখন দুই বাংলার বিনোদন অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। গত বছরের বড়দিনে অভিনেতা দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়ার পর থেকেই তার সাফল্যের যাত্রা শুরু হয়। এরপর ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিন্স’ সিনেমার নায়িকা হয়ে তিনি সীমানা পেরিয়ে জয় করেছেন এদেশের দর্শকদের মনও। সম্প্রতি এক খোলামেলা আড্ডায় এই অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনের প্রেম, বিচ্ছেদ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অকপট কথা বলেছেন।

ক্যারিয়ারের

 স্বর্ণালী সময়ে থাকলেও ব্যক্তিগত জীবনে জ্যোতির্ময়ী এখন একাকীত্বকেই বেছে নিয়েছেন। একটা সময় গভীর প্রেমে থাকলেও বর্তমানে তিনি পুরোপুরি সিঙ্গেল। সাবেক প্রেম নিয়ে কোনো তিক্ততা প্রকাশ না করে বরং বেশ পরিণতভাবেই তিনি জানান, প্রতিটি সম্পর্কের গন্তব্য এক হয় না। বিচ্ছেদের বেদনা থাকলেও তিনি কৃতজ্ঞতাভরে স্বীকার করেন যে, তার সাবেক প্রেমিকই তাকে নিবিড়ভাবে ভালোবাসতে শিখিয়েছেন। সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া এই অভিনেত্রী এখন নিজের কাজ ও অভিনয় নিয়েই ব্যস্ত সময় পার করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওপার বাংলার এই সুন্দরীকে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ নেই। বিশেষ করে বাংলাদেশের দর্শকরা তাকে এতটাই আপন করে নিয়েছেন যে, অনেকেই তাকে এদেশের ‘পুত্রবধূ’ হিসেবে দেখার ইচ্ছা পোষণ করছেন। তবে ভক্তদের এমন ভালোবাসার জবাবে মিষ্টি হেসে জ্যোতির্ময়ী জানিয়েছেন, আপাতত বাংলাদেশে বিয়ে করার কোনো পরিকল্পনা তার নেই। দুই বাংলার দর্শকদের মন জয় করে নিজের অভিনয় প্রতিভাকে আরও শাণিত করাই এখন তার একমাত্র লক্ষ্য। জীবনের এই পর্যায়ে কোনো নতুন সম্পর্কে না জড়িয়ে তিনি অভিনয়ের স্বপ্নেই নিজেকে ডুবিয়ে রাখতে চান।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন