উন্নয়নের বার্তা নিয়ে যশোরে আসছেন প্রধানমন্ত্রী

উন্নয়নের বার্তা নিয়ে যশোরে আসছেন প্রধানমন্ত্রী

আব্দুল্লাহ আল মামুন, যশোর: আগামী ২৭ এপ্রিল যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে জেলাজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রস্তুতির কর্মযজ্ঞ শুরু হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফরের মাধ্যমে যশোরের স্থবির হয়ে থাকা উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চারিত হবে।

শনিবার (১১ এপ্রিল) প্রধানমন্ত্রীর সফর সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, “প্রধানমন্ত্রীর এই সফর যশোরের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। বিশেষ করে কৃষি ও স্বাস্থ্য খাতে বড় ধরনের পরিবর্তন আসবে।”

বৈশ্বিক অস্থিরতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারের প্রভাব বাংলাদেশে পড়লেও সরকার পরিস্থিতি মোকাবিলায় সক্রিয়। বর্তমানে ইরি সেচ মৌসুম চলায় কৃষকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হচ্ছে।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যশোর বিমানবন্দরে পৌঁছে সরাসরি ঐতিহাসিক উলাশী খাল (জিয়া খাল) পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খননকৃত এই খালটি অত্র অঞ্চলের কৃষি ও জলাবদ্ধতা নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এরপর তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে প্রতিষ্ঠিত যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের উদ্বোধন করবেন। এই হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা খুলনার ওপর নির্ভর করতে হবে না।

প্রধানমন্ত্রীর সফর সফল করতে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত ওই সভায় এসএসএফ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণসহ প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সফরের শেষ অংশে প্রধানমন্ত্রী একটি জনসভায় অংশ নিতে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা কাটাতে প্রধানমন্ত্রীর এই আগমনের দিকে তাকিয়ে আছেন যশোরের সাধারণ মানুষ ও ব্যবসায়ী সমাজ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন