মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

মাদ্রাসা শিক্ষার্থীর গলাকাটা লাশ উদ্ধার

মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে ঘাসের জমি থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশের পরিচয় মিলেছে। নিহত কিশোরের নাম মোস্তাকিম হোসেন জাহিদ (১২)। সে পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের একটি হাফেজিয়া মাদ্রাসার নজরানা ক্লাসের আবাসিক ছাত্র এবং একই ইউনিয়নের সোনাপুর গ্রামের কৃষক মানিক মিয়ার ছেলে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া চরপাড়া গ্রামের একটি জমি থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। রাতে পরিবারের সদস্যরা পোশাক ও স্যান্ডেল দেখে তার পরিচয় নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টার পর মাদ্রাসা থেকে নিখোঁজ হয় মোস্তাকিম। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে ওই রাতেই আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা। পরদিন শনিবার দুপুরে শাহজাদপুরের চরাচিথুলিয়া গ্রামে এক কৃষক ঘাস কাটতে গিয়ে গলাকাটা লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ বিকেলে পাঞ্জাবি ও পায়জামা পরিহিত অবস্থায় লাশটি উদ্ধার করে।

হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিরাজগঞ্জ সিআইডি পুলিশের একটি দল লাশের আঙুলের ছাপ সংগ্রহ করেছে এবং পিবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, "খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করি এবং পার্শ্ববর্তী থানাগুলোতে বার্তা পাঠাই। রাতে নিহতের স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছেন। আজ রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।" এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন