ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ঢাকা উত্তর ও দক্ষিণসহ মোট চারটি সিটি করপোরেশন এলাকায় আজ থেকে বিশেষ হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। ঢাকা ছাড়াও ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় এই কর্মসূচি একযোগে পরিচালিত হচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চারটি সিটি করপোরেশন এলাকায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ১২ লাখ ১৯ হাজার ৯৫৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের এই সেবা প্রদান করা হবে।
বর্তমান হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য সচিব আরও জানান, নিয়মিত টিকাদান কর্মসূচিতে কিছুটা স্থবিরতা থাকায় বর্তমানে দেশে হামের প্রভাব বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে এই ক্যাম্পেইন পরিচালনা করছে। উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় এই বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে এবং আজ থেকে তা বড় শহরগুলোতে সম্প্রসারিত হলো। সংশ্লিষ্ট সকলকে নিকটস্থ কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
জান্নাত/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ