বগুড়ায় চলন্ত বাসে আগুন

বগুড়ায় চলন্ত বাসে আগুন

ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

রোববার (১২ এপ্রিল) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সি ব্লক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা ১৫–১৬ জন যাত্রী অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন।

জানা গেছে, বাসটি ঢাকা থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাজাহানপুরের সি ব্লকে পৌঁছালে হঠাৎ আগুন ধরে যায়। আগুনের শিখা দেখা মাত্রই বাসের চালক ও সহকারী দ্রুত গাড়ি থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। ফলে বাসে থাকা ১৬ জন যাত্রীই নিরাপদে নামতে সক্ষম হন এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটির গ্যাস লাইনের পাশে থাকা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনের তীব্রতায় বাসের ভেতর ও ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-বগুড়া মহাসড়কে আতঙ্কের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন